প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ফের ময়লার ভাগাড়, ৫ দিনেও অপসারণ হয়নি

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কের পাশে ফের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। গত পাঁচ দিন ধরে হাসপাতালের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন ও পথচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকার সমস্যা রয়েছে। এর আগে ময়লা অপসারণ করা হলেও ফের একই স্থানে আবর্জনার স্তূপ জমেছে। বর্তমানে প্রায় পাঁচ দিন ধরে হাসপাতালের সামনে জমে থাকা ময়লা অপসারণ করা হয়নি। ফলে দিন দিন আবর্জনার পরিমাণ বাড়ছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়েবুর রহমান জানান, হাসপাতালের সামনের ময়লা গত পাঁচ দিন ধরে ভোলা পৌরসভা অপসারণ করছে না। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে এবং দুর্গন্ধের কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লার স্তূপ পড়ে থাকা খুবই দুঃখজনক। দুর্গন্ধের কারণে হাসপাতালে আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য বিষয়টি আরও কষ্টকর। দ্রুত ময়লা অপসারণ করে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান তারা।
স্থানীয় পথচারী ও বাসিন্দারাও হাসপাতালের সামনে দ্রুত জমে থাকা ময়লা অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানে দিনের পর দিন ময়লা পড়ে থাকলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয়দের দাবি, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত হাসপাতালের সামনের ময়লা-আবর্জনা অপসারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই স্থানে দিনের পর দিন ময়লা জমে না থাকে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভোলা পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।
