লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

ভোলার লালমোহনে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে মহাসড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন মোজাম্মেল মুন্সী। পরে স্থানীয় এক চা-দোকানি তাঁকে পড়ে থাকতে দেখে লালমোহন থানা-পুলিশ ও তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অজ্ঞাতনামা কোনো যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
