সর্বশেষঃ

মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশের নিষেধাজ্ঞা, নদী-সাগরে নামতে প্রস্তুত দক্ষিণ আইচার কয়েক হাজার জেলে

‎‎আনিসুর রহমান,দক্ষিণ আইচা প্রতিনিধি: ‎মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ আইচা এলাকার কয়েক হাজার জেলে।
‎
‎দক্ষিণ আইচা থানার বিভিন্ন ঘাটসংলগ্ন জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে ও রাস্তার পাশের খোলা জায়গায় বসে জাল মেরামত করছেন জেলেরা। কেউ পুরোনো জাল ঠিক করছেন, কেউ মাছ ধরার ট্রলার প্রস্তুত করছেন। আবার কেউ নদী-সাগরে যাওয়ার জন্য সংগ্রহ করছেন জ্বালানি ও প্রয়োজনীয় খাবার।
‎
‎তবে মাছ ধরার এই প্রস্তুতির আড়ালে রয়েছে অভাব-অনটন ও অনিশ্চয়তার গল্প। টানা ২২ দিন মাছ ধরতে না পারায় অনেক জেলে পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার চাল না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
‎
‎এক জেলে আক্ষেপ করে বলেন, “২২ দিন অবরোধ থাকার কারণে ঘরে ঠিকমতো রান্না হয়নি। সরকারিভাবে চাল আসে, তাও পাইনি। অবরোধ আসলে মনে হয়, আমাগো গরিবের ওপরেই আসে। ভয়ে নদীতে নামি না, যদি প্রশাসনে একমাত্র সম্বল জালটুকু নিয়ে যায়। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করছি।”
‎
‎জেলেদের ভাষ্য, নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ বন্ধ থাকলেও পরিবার চালানোর খরচ বন্ধ থাকে না। ফলে অনেক পরিবারকে ধারদেনা করে দিন কাটাতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়লে সেই সংকট কিছুটা কাটবে বলে আশা করছেন তাঁরা।
‎
‎মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা কার্যকর করা হলেও জেলেদের জীবিকা সুরক্ষায় সরকারি সহায়তা সঠিক সময়ে ও প্রকৃত জেলেদের হাতে পৌঁছানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।