সর্বশেষঃ

২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনার বিচার দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা ও পৌরসভা শাখা। দীর্ঘদিন ধরে আলোচিত ওই ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টায় ভোলা নতুন বাজার-সংলগ্ন বোর্ডিং মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, জেলা বায়তুলমাল সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন এবং পৌর জামায়াতের নায়েবে আমির ও ব্যবসায়ী মো. রুহুল আমিনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনো মানুষের জীবন কেড়ে নেওয়ার অজুহাত হতে পারে না। ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। ওই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করা শুধু নিহতদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের বিষয় নয়, বরং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও জরুরি। কোনো অপরাধের বিচারহীনতা যেন ভবিষ্যতে আরও সহিংসতার পথ তৈরি না করে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশ থেকে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাকে রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও উল্লেখ করেন তাঁরা।
আয়োজকেরা জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণ এবং ওই ঘটনার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ভোলা সদর উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সংঘটিত রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত। ওই ঘটনার তদন্ত, বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে উঠে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।