সর্বশেষঃ

বিসিবি’র উদ্যোগে ভোলায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দল গঠনে প্রাক-বাছাই শুরু

মোকাম্মেল মিশু ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে ভোলা জেলায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক দল গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রাক-বাছাই (প্রী-ট্রায়াল) কার্যক্রম। জেলার তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের ক্রিকেট বিশ্বে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে এবং ক্রিকেটের মূলধারায় সম্পৃক্ত করতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভোলার ঐতিহাসিক গজনবী স্টেডিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত উদীয়মান কিশোর ও তরুণ ক্রিকেটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।

বাছাই কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া নিয়ে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে অভিজ্ঞ কোচদের মাধ্যমে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে দল গঠনের পর প্রথমে তাদের জেলা পর্যায়ে এবং পরবর্তীতে ধাপে ধাপে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পাঠানো হবে। এই কার্যক্রমের মাধ্যমে ভোলার মাঠগুলো থেকে অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময় ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আমরা দৃঢ় আশাবাদী।
বাছাই কার্যক্রমে অংশ নেওয়া তরুণ ক্রিকেটাররা জানান, বিসিবির এমন সুদূরপ্রসারী উদ্যোগ তাদের স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে। সঠিক সুযোগ, পরিচর্যা ও গাইডলাইন পেলে ভোলা থেকেই জাতীয় পর্যায়ে মানসম্মত ক্রিকেটার তৈরি করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, নিখুঁত ও পেশাদারিত্বের সাথে খেলোয়াড়দের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দক্ষতা যাচাই করা হচ্ছে। এই প্রাক-বাছাই পর্বের মাধ্যমে সেরা প্রতিভাদের খুঁজে বের করে পরবর্তী সময়ে বিশেষ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী ক্যাম্পের আওতায় আনা হবে, যা উপকূলীয় অঞ্চলের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।