ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা
ঢালচরে পর্যটনশিল্প বিকাশে ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

আনিসুর রহমান ,দক্ষিণ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত ও টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢালচর ইউনিয়নের আনন্দের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রাকিব ফরাজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাতব্বর, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহে আলম ফরাজী, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তার ফরাজী এবং বিএনপি নেতা জসিম পাটোয়ারী ও জাকির পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ঢালচরের পর্যটনশিল্পের টেকসই বিকাশে চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এগুলো হলো,পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলা, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, ইকো-ট্যুরিজমের প্রসার এবং কমিউনিটিভিত্তিক পর্যটন বৃদ্ধি।
আলোচনায় বক্তারা বলেন, ঢালচরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য পর্যটনশিল্প বিকাশের অপার সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রাকৃতিক পরিবেশ ও বনভূমি রক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য নিরাপদ ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, পর্যটনশিল্পের উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা জরুরি। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পর্যটন থেকে অর্জিত সুফল দ্বীপের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সভায় ঢালচরের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
