সর্বশেষঃ

ভোলায় শব্দদূষণবিরোধী অভিযান, তিন যানবাহনকে জরিমানা

ভোলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহন থেকে ৬টি হর্ন জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে ভোলা সদর উপজেলার ব্যাপারী বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় ভোলা জেলা পুলিশ লাইনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযানে তিনটি যানবাহনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৬টি হর্ন জব্দ করা হয়।

অভিযান চলাকালে যানবাহনের শব্দের মাত্রা পরিমাপ করা হয় এবং শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।