২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনার বিচার দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ
ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে ভোলায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা প্রশাসন ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিআরটিএ ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহামুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক নিরাপদ করতে সর্বাগ্রে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে, কিন্তু সেই অনুপাতে সড়কের পরিমাণ বাড়ছে না। ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিআরটিএ ভোলা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. পলাশসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। তবে এ বছর দুর্গাপূজার ছুটির কারণে ২৮ অক্টোবর ভোলায় দিবসটি উদযাপন করা হয়েছে।
