সর্বশেষঃ

দৌলতখানে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখান উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে এক নারীর অনশনের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই নারী ইতি বেগম। তিনি দৌলতখান উপজেলার ৪৩ নম্বর উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাইমুল হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান পৌরসভার ৯নং ওয়ার্ডের চুনু মিয়ার ছেলে ফাহাদের সঙ্গে ইতি বেগমের প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই সম্পর্কের জের ধরে ফাহাদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
ইতি বেগমের দাবি, ফাহাদ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তিনি ফাহাদের সঙ্গে সংসার করতে চান। ফাহাদ তাকে বিয়ে না করলে তিনি তার আগের সংসারে ফিরে যাবেন বলেও জানিয়েছেন। এদিকে, ইতি বেগমের অনশনের খবর ছড়িয়ে পড়ার পর ফাহাদ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ফাহাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মধ্যকার সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, স্ত্রীকে ঘিরে এমন ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সহকারী শিক্ষক নাইমুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় তার মানসম্মান নষ্ট হয়েছে। তিনি এখন আর ইতি বেগমকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান না বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।