ভোলায় ছয় লাখ শিশুর চিকিৎসায় বিশেষজ্ঞ মাত্র দুজন, ৬০ শয্যায় ঠাঁই হচ্ছে ৩৫০ শিশুর
বোরহানউদ্দিনে চোখ উপরে পেলে যুবককে নির্যাতন, গ্রেফতার ১

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির সামনে থেকে মো. রাজিব (৩২) নামের এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতনের পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী রাজিবের স্ত্রী ফারহানা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।
এর আগে, গতকাল রাত ১১টার দিকে বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে উদ্ধার করা হয়।
রাজিব সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক খানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে হঠাৎ তার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, মাইক্রোবাসে নিয়ে যাওয়ার পথে রাজিবকে অমানবিকভাবে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় তারা।
পরে রাজিবের চিৎকার শুনে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী বাইরে এসে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা রাজিবকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
রাজিবের বড় ভাই রিয়াজ বলেন, ‘রাজিবের দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। তার শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছি। রাজিব কয়েকজনকে চিনতে পেরেছে এবং তাদের নামও বলেছে। আমরা এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার চাই।’
পুলিশ বলছে, রাজিবের পরকীয়ার প্রেমের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞেসবাদ ও ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
