ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
বশার হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার

ভোলার দক্ষিণ আইচা থানায় চাঞ্চল্যকর বশার হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। গতকাল বুধবার তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ আইচা থানাধীন এলাকা থেকে মো. বশার নিখোঁজ হন। পরদিন তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সাইদুল জমাদ্দার ও সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে বশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সাইদুল জমাদ্দার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে তদন্তের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। তিনি তদন্ত কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে পুলিশ সুপার নিহত বশারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন। তরুণদের অপরাধ থেকে দূরে রেখে তথ্যপ্রযুক্তি ও আইটি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
