সর্বশেষঃ

সময় পেরিয়ে গেলেও চরফ্যাশনে সহকারী শিক্ষক বদলি করতে পারেনি শিক্ষা অফিস

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারেনি ভোলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিষয়ে কোনো বদলি আদেশও প্রকাশ করা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশনে সহকারী শিক্ষক বদলির জন্য অর্ধশতাধিকের বেশি আবেদন জমা পড়ে। আবেদনগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করে বদলি কমিটির কাছে উপস্থাপন করা হলেও অতিরিক্ত সুপারিশসহ বিভিন্ন জটিলতার কারণে কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. আবদুস সাত্তার জানান, অর্ধশতাধিকের বেশি আবেদন জমা পড়েছিল। সেগুলো নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করে কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে সভাপতি করে বদলি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় বিএনপি নেতা কাজী মঞ্জুর, প্রিন্স মহাজন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের। তিনি নিজে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি সংক্রান্ত সভা আহ্বান করা হয়। তবে কমিটির সদস্য প্রিন্স মহাজন ঢাকায় অবস্থান করায় সভায় উপস্থিত ছিলেন না। সভায় বদলি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

৩০ সেপ্টেম্বরই বদলির শেষ সময় ছিল এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “অতিরিক্ত সুপারিশ থাকায় আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।”
এদিকে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বদলি সংক্রান্ত কোনো আদেশ প্রকাশ করা হয়নি।
বিষয়টি নিয়ে ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর পর্যন্ত বদলি সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি। তিনি বলেন, বিভিন্ন সমস্যার কারণে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নির্ধারিত সময়ে বদলি আদেশ দিতে পারেনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।