তজুমদ্দিনে অব্যাহত গরু ও ঘরবাড়ি চুরি: গ্রাম পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
তজুমদ্দিনে চাকরি দেওয়ার নামে ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জিসান রনি , তজুমদ্দিন
ভোলার তজুমদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সহোদর শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
অভিযুক্ত তিন সহোদর শিক্ষক হলেন হেমায়েত, মোর্শেদ ও ইব্রাহিম। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় ভুক্তভোগীরা অর্থ ফেরত ও প্রতিকার চেয়ে আইনি পদক্ষেপ নেন।
এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী সামিয়াকেও এর আগে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় মামলা এবং ভুক্তভোগীদের অভিযোগের পর ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগে উল্লেখ করা অর্থের পরিমাণ, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং এর সঙ্গে অভিযুক্তদের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়গুলো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
