বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ, মানববন্ধন-সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ, মানববন্ধন-সংবাদ সম্মেলন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতব্বরের বিরুদ্ধে ৩০ বছর ধরে ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জমি দখল, হুমকি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ তুলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন, রাসেল, মরিয়ম, মনোয়ারা বেগম, আব্দুর রব দালালসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতব্বরের নেতৃত্বে জসিম, নসু, গোপাল মিস্ত্রীসহ কয়েকজন তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের জন্য চাপ সৃষ্টি করছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাফিজল মাতব্বর তাদের কাছে চাঁদা হিসেবে টাকা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ৩০ বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে। এতে তারা জমি ও বসতভিটা হারানোর আশঙ্কায় পড়েছেন বলে দাবি করেন।
ভুক্তভোগীরা আরও জানান, জমি দখলের ঘটনায় তারা ভোলা আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত থেকে সংশ্লিষ্ট জমির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে জমিতে দখল কার্যক্রম চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সাফিজল মাতব্বর ও তার অনুসারীরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তাদের দাবি, রাজনৈতিক দলের পদ-পদবির প্রভাব দেখিয়ে তারা প্রশাসন ও আদালতের নির্দেশকে উপেক্ষা করছেন। এতে ভুক্তভোগীরা নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ সময় ভুক্তভোগীরা জমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, আদালতের নির্দেশ বাস্তবায়ন, দখলমুক্ত করে তাদের জমি বুঝিয়ে দেওয়া এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন তারা।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতব্বর।
