তজুমদ্দিনে খাশের হাটের সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

জিসান রনি, তজুমদ্দিন, ভোলা
ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর শিবপুর খাশের হাট বাজারের দেওয়ান বাড়ির দরজা থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ ও ভাঙাচোরা গর্ত। এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। পাশাপাশি ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহনও নিয়মিত চলাচল করে। সড়কটির এমন অবস্থায় বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের চলাচলে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিবছর সড়ক উন্নয়ন বা সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে কাঙ্ক্ষিত কাজ না হওয়ায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। কোথাও কোথাও গর্তের কারণে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়রা বলেন, সড়কটি শুধু একটি বাজারকেন্দ্রিক যোগাযোগপথ নয়, আশপাশের কয়েকটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত সড়কটির সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছেন এলাকাবাসী।
