সর্বশেষঃ

ভোলার চর কুকরী-মুকরী ও তারুয়ায় পর্যটক নিয়ে এমভি ওশান পার্ল

আনিছুর রহমান, ‎দক্ষিণ আইচা ॥
বিলাসবহুল ট্যুরিস্ট জাহাজ এমভি ওশান পার্লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে ভোলার উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করছে। ঢাকার পূর্বাচল শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে পর্যটকদের নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। এর উদ্দেশ্য ভোলার চর কুকরী-মুকরী, তারুয়া ও নারিকেল বাগানসহ উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।
নদীর বুক চিরে বিলাসবহুল জাহাজে যাত্রা, চারপাশে জলরাশি, সবুজ বনাঞ্চল, বিস্তীর্ণ বালুচর ও সমুদ্রঘেঁষা প্রকৃতি-সব মিলিয়ে পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী এক ভ্রমণ অভিজ্ঞতা। চর কুকরী-মুকরী ভোলার চরফ্যাশন উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার সবুজ বনাঞ্চল, নদী-খাল, নারিকেল বাগান ও প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। পাশাপাশি তারুয়া সমুদ্রসৈকতের বিস্তীর্ণ বালুচর ও নির্জন পরিবেশও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
এমভি ওশান পার্লের বিভিন্ন ট্যুর প্যাকেজে চর কুকরী-মুকরী, তারুয়া, চর হেয়ার ও সোনার চরসহ উপকূলীয় বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের কথা উল্লেখ রয়েছে। জাহাজে অবস্থান, খাবার ও নদীপথে ভ্রমণের সুবিধার মাধ্যমে পর্যটকদের জন্য সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতার সুযোগ রয়েছে।
ভোলায় আগত পর্যটকদের ফুল দিয়ে স্বাগত ও বরণ করে নেয় ভোলা জেলা ট্যুরিজম অ্যাসোসিয়েশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ফুল দিয়ে বরণ করে তাদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক হাসানুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুমী এবং দক্ষিণ আইচা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আগত পর্যটকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন ভোলা জেলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান জুয়েল। তিনি পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, ভোলার পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক সহযোগিতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় গাইডলাইন প্রদানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তিনি বলেন, ভোলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনকেন্দ্রগুলোকে দেশের মানুষের কাছে আরও পরিচিত করে তুলতে পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পর্যটকদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় ভোলা জেলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান রাকিবও বক্তব্য রাখেন। তিনি আগত পর্যটকদের শুভেচ্ছা জানিয়ে ভোলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎দক্ষিণ আইচা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান আগত পর্যটকদের স্বাগত জানান এবং ভোলার উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পর্যটন সম্ভাবনাকে দেশব্যাপী তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, ভোলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। পর্যটকরা জানান, নদীপথে বিলাসবহুল জাহাজে ভ্রমণের পাশাপাশি চর কুকরী-মুকরী, তারুয়া ও নারিকেল বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তারা ভীষণ উপভোগ করছেন। সবুজ বন, নদী, বালুচর ও সমুদ্রঘেঁষা পরিবেশ তাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই ভ্রমণকে স্মরণীয় করে রাখতে ছবি ও ভিডিও ধারণ করছেন। নদী ও সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভোলার উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলোকে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের নৌ-পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমভি ওশান পার্লের এ ভ্রমণ আয়োজনের মধ্য দিয়ে চর কুকরী-মুকরী, তারুয়া ও নারিকেল বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি মানুষের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।