বোরহানউদ্দিনে ৭টি জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ৭টি জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. আসিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তেমাথা বাজারের একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রাসেলের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের সাতটি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, রাসেল জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
