ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

ভোলার বোরহানউদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোর্শেদ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টা ২৫ মিনিটে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেউলা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দেউলা লঞ্চঘাট সংলগ্ন রাকিবের ফাস্টফুড দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোর্শেদ হাওলাদারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক মোর্শেদ হাওলাদার লালমোহন উপজেলার মুন্সির হাওলা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
