বোরহানউদ্দিনে গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাদ্রাসার কাছে সবুজের চায়ের দোকানের সামনের সড়ক থেকে সোহাগকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহাগ উপজেলার টবগী এলাকার বুলু মাঝির ছেলে।
পুলিশ জানিয়েছে, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
