সর্বশেষঃ

নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনের সময় বাড়ল, আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলার বাণী :: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর রেজিস্ট্রেশনের সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা এখন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম।

জেলা ক্রীড়া কর্মকর্তা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসে ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। আবেদনকারীর জন্ম তারিখ ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬-এর মধ্যে হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজন হবে অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর শ্রেণিভিত্তিক ভর্তি বা রেজিস্ট্রেশন কার্ড/প্রয়োজনীয় শিক্ষাগত ফলাফলের সত্যায়িত কপি, বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্টের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, দাবা ও মার্শাল আর্টসহ (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো) বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম রেজিস্ট্রেশন মিস করা শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।