২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বেরিয়ে নিখোঁজ ভুট্টু, ফোনে বলেছিলেন ‘আমাকে বেঁধে রেখেছে’

২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গরু ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মিজানুর রহমান ওরফে ভুট্টু। সাত দিন ধরে নিখোঁজ থাকায় উদ্বেগে তাঁর পরিবার।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বোরহানগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ভুট্টু। কামাল নামে এক গরু ব্যবসায়ী তাঁকে টাকা দেওয়ার কথা বলে সেখানে যেতে বলেছিলেন।
পরদিন শুক্রবার দুপুর ১টা ৪২ মিনিটে পরিবারের সদস্যদের ফোন করেন ভুট্টু। ফোনে তিনি জানান, তাঁর টাকা-পয়সা নিয়ে নেওয়া হয়েছে। ৭ থেকে ৮ জন লোক তাঁকে বেঁধে রেখেছে বলেও জানান তিনি।
এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার।
ঘটনার পর তজুমদ্দিন থানায় অভিযোগ করেন স্বজনরা।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর নিখোঁজ ভুট্টুর মোবাইল নম্বর ট্র্যাকিং করা হয়। প্রথমে তাঁর অবস্থান নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় পাওয়া যায়। পরে অবস্থান পরিবর্তন হয়ে চর মন্দালিয়া, কবিরহাট এলাকায় পাওয়া যায়।
তাঁকে উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
এদিকে নিখোঁজ ভুট্টুকে দ্রুত উদ্ধার এবং তাঁর সঙ্গে থাকা ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি তাঁকে বেঁধে রাখার অভিযোগের প্রকৃত ঘটনা তদন্ত করে বের করার দাবি জানিয়েছে পরিবার।
