সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বোরহানউদ্দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বিএনপির প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী আজম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির।

এ ছাড়া উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করায় বোরহানউদ্দিনে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।