বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার মো. খোকন (পিতা: মো. নুরুল আমিন সিকদার) বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত মো. খোকনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ওই মামলায় তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
