সর্বশেষঃ

১৪ হাজার টাকায় বিক্রি ২ কেজি ৬০০ গ্রামের ‘রাজা ইলিশ’

চরফ্যাশন সংবাদদাতা :

ভোলার চরফ্যাশনে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ। স্থানীয়দের ভাষায় ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি শুক্রবার সকালে উন্মুক্ত নিলামে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের হওয়ায় মাছটি ঘিরে আড়তে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।

মৎস্যঘাট সূত্রে জানা যায়, নাসির মাঝির নেতৃত্বে একদল জেলে বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনার শিবচরসংলগ্ন জলসীমায় মাছ ধরতে যান। জালে ধরা পড়ে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের এই ইলিশটি। পরে শুক্রবার সকালে মাছটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকশি মৎস্যঘাটের সাজ মৎস্য আড়তে তোলা হলে পাইকার ও ব্যবসায়ীদের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ জানান, নিলামে হাকডাকের মাধ্যমে দর বাড়তে থাকে। একপর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়তদার মো. আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার মো. আকবর বলেন, বড় আকারের ইলিশের ঢাকার পাইকারি বাজারে আলাদা চাহিদা রয়েছে। মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে আরও ভালো দাম পাওয়ার আশা রয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে বড় আকারের ইলিশের সরবরাহ তুলনামূলক কম। এ কারণে ২ কেজির বেশি ওজনের ইলিশ বাজারে এলে তা সাধারণত উন্মুক্ত নিলামে বিক্রি হয় এবং দামও বেশি ওঠে।

মৎস্যসংশ্লিষ্টদের মতে, মেঘনা মোহনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইলিশ আহরণ এলাকা। অনুকূল পরিবেশ বজায় থাকলে চলতি মৌসুমে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।