সর্বশেষঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত জেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে প্রফেসর এ.এম.এম. কামাল উদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি এবং মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড যদি পতিত ফ্যাসিবাদী সরকারের মতোই হয়, তাহলে জুলাই আন্দোলনে মানুষ কেন জীবন দিয়েছে—সে প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাস পরও এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং বেকারত্ব ও অর্থনীতির ওপর চাপ বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে সরকার জনসমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি মুফতি নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর এ.এম.এম. কামাল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদুর রহমান এবং ইসলামী আন্দোলনের শুরা সদস্য হাজী আলাউদ্দিন তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।