সর্বশেষঃ

চরফ্যাশনে দুর্যোগ প্রস্তুতি জোরদারে PROTISTHAA প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা

ভোলার চরফ্যাশন উপজেলায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে, Action Against Hunger (ACF)-এর সহযোগিতায় এবং ECHO-এর অর্থায়নে পরিচালিত PROTISTHAA প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, উপজেলা প্রকৌশলী জগলুল ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এম.কে.এম. আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি সজিব শাহরিয়ার, মেডিকেল অফিসার ডা. তৌহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম, একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ছানাউল্লাহ আজম এবং কৃষি উদ্যোক্তা সোলাইমান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, যুব প্রতিনিধি, সিভিল সোসাইটির সদস্য, এনজিও প্রতিনিধি, PROTISTHAA প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন PROTISTHAA প্রকল্পের রিপোর্টিং অ্যান্ড মনিটরিং অফিসার হাসান মাহমুদ।

পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল, প্রত্যাশিত ফলাফল এবং দুর্যোগের পূর্বাভাসভিত্তিক উদ্যোগ (Anticipatory Action)-এর গুরুত্ব তুলে ধরেন চরফ্যাশন উপজেলা ম্যানেজার মো. নাজমুল হোসাইন।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত ঝুঁকিপূর্ণ পরিবারকে অন্তর্ভুক্ত করা, নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, অধিক ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোকে প্রকল্পের আওতায় আনা এবং দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের সুপারিশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “সরকারের সহযোগী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”

তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন PROTISTHAA প্রকল্পের চরফ্যাশন উপজেলা ম্যানেজার মো. নাজমুল হোসাইন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।