সর্বশেষঃ

বোরহানউদ্দিনে পরিবেশ ও জলবায়ু বিষয়ক ক্যাম্পেইন

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিজ্ঞান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সান বিজ্ঞান ক্লাব, বোরহানউদ্দিন, ভোলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেন।
পরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সান বিজ্ঞান ক্লাবের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাচর্চা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।