ভোলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে নার্স-পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ
ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাস জব্দ; হেলপার গ্রেপ্তার

ভোলার বানী ডিজিটাল ডেক্স
ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় নাফিসা তাবাসসুম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাসচালক এখনও পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিসা তাবাসসুম পশ্চিম চরউমেদ এলাকার বাসিন্দা মো. বেল্লাল বেপারীর মেয়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।
এ ঘটনায় লালমোহন থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩০ এবং জিআর নম্বর ১৭৯ (তারিখ: ২৬ জুলাই ২০২৬)।
পরে লালমোহন ও চরফ্যাশন থানা পুলিশের যৌথ অভিযানে দুর্ঘটনায় জড়িত MITHILA পরিবহন-এর মোমেন শাহী-৩৭৫-এম রেজিস্ট্রেশন নম্বরের বাসটি জব্দ করা হয়। বর্তমানে বাসটি চরফ্যাশন থানা পুলিশের হেফাজতে রয়েছে।
একই অভিযানে বাসটির হেলপার মো. তৈয়ব আলী (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাসচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্তও চলমান রয়েছে।
