সর্বশেষঃ

বিষধর সাপের কামড়ে মারা গেলেন দৌলতখানের অসহায় জেলে বাবলু

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলার অসহায় জেলে বাবলু (৩০) বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাবলুর স্ত্রী, দুই সন্তান ও আত্মীয়-স্বজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বাবলু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরামত আলী বাড়ির মৃত আহমদ আলীর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছিলো তার ছোট্ট সংসার। মেঘনা নদীতে মাছ শিকার করে চলতো তার সংসার।
পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত ৮টার দিকে বিএনপিবাজার সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় বিষধর একটি সাপে জেলে বাবলুকে কামড় দেয়। স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসরা জানান বিষধর সাপের বিষে বাবলুর কিডনি ও পায়ে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসার জন্য মোটা একটা অংকের অর্থের প্রয়োজন ছিল। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তারা বাড়িতে ফিরে আসে। অবশেষে রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।