সর্বশেষঃ

তজুমদ্দিনে জমি-জমা নিয়ে বিরোধের জেরে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

রফিক সাদী, তজুমদ্দিন ॥
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকায় জমিজমা নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদ্দি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম মৃত নসু মিয়ার ছেলে। অপর পক্ষের আবু জাফর (৫৫), মৃত আজগর আলীর ছেলে ও তাদের স্বজনদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ হয়ে পড়লে তার ভাই, স্ত্রী ও সন্তান তাকে বাড়িতে নিয়ে যান। পরে তিনি মারা যান। তবে তার শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য ও আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য লাশ হেফাজতে নিয়ে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।