বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতা আরমানের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতা আরমানের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে বহিষ্কৃত পৌর যুবদল সদস্য আরমানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি, ঘর ভাঙচুর ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। তবে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরমান।অভিযোগকারীদের দাবি, আরমান তার ছোট বোন শাহনাজের মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে আসছেন। এছাড়া প্রায় ছয় বছর আগে বিক্রি করা একটি জমি পুনরায় নিজের দাবি করে বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী বাহার মাল ও আব্বাস মালের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে ওই জমিতে নির্মিত একটি ঘর ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন অপকর্মের অভিযোগে আরমানকে যুবদল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা এ বিরোধের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান কামনা করেন।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, রাতের অন্ধকারে শাহনাজের বাড়ির জানালা দিয়ে মাছের বর্জ্য, কাদামাটি ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা নিক্ষেপ করা হয়। এতে ঘরের মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে এবং তিনি মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
আরও অভিযোগ রয়েছে, আরমানের ছেলে অরণ্য কিছুদিন আগে তার ফুফুর সঙ্গে দুর্ব্যবহার করেন, গায়ে হাত তোলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আরমান যুবদলের সদস্য ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। যুবদলে কোনো বিশৃঙ্খলাকারীর স্থান নেই।”
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযুক্ত আরমান বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি জমি দখল, চাঁদা দাবি, ভাঙচুর বা হয়রানির কোনো ঘটনার সঙ্গে জড়িত নই।”
এদিকে, অভিযোগকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং বিরোধের দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেছেন।
