ভোলায় যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সম্রাট গ্রেফতার
দীর্ঘ ২৩ বছর পরও ভোলাবাসীকে কাঁদায় এমভি নাসরিন-১ ট্র্যাজেডি

এমভি নাসরিন-১ লঞ্চ দুর্ঘটনার ২৩ বছর পূর্ণ হলো আজ, ৮ জুলাই। ২০০৩ সালের এই দিনে ঢাকা থেকে লালমোহনগামী এমভি নাসরিন-১ চাঁদপুরের ডাকাতিয়া মোহনায় ডুবে যায়। অতিরিক্ত যাত্রী ও মালবোঝাই লঞ্চটি প্রবল স্রোতের তোড়ে তলা ফেটে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে তলিয়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রায় ৮০০ যাত্রীর সলিল সমাধি ঘটে। দিনটি আজও ভোলাবাসীর কাছে গভীর শোকের প্রতীক। ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিবাড়ের পর ভোলার মানুষের জীবনে সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত হয় নাসরিন-১ ট্র্যাজেডি। এ দুর্ঘটনায় লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিনসহ দক্ষিণাঞ্চলের অসংখ্য পরিবার তাদের স্বজন হারায়। দুর্ঘটনার পর কয়েকদিন ধরে ভোলার মেঘনা নদীতে ভেসে ওঠা লাশের দৃশ্য আজও শিউরে তোলে স্থানীয়দের। দুর্ঘটনার পর কয়েক বছর দক্ষিণ ভোলায় নাসরিন ট্র্যাজেডি দিবস উপলক্ষে শোকসভা, মিলাদ মাহফিল, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলেও সময়ের ব্যবধানে তা প্রায় বিলীন হয়ে গেছে। ২৩ বছর পর আজ স্বজনহারাদের অনেকেই অভিযোগ করেন, তাদের খোঁজ রাখার কেউ নেই। বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১৭০ জন যাত্রী জীবিত উদ্ধার হলেও প্রায় ৮০০ জন নিহত ও নিখোঁজ হন। শনাক্ত হওয়া নিহত ও নিখোঁজদের মধ্যে চরফ্যাশনের ১৯৮ জন, লালমোহনের ২৬৪ জন এবং তজুমদ্দিনের ১৩ জন ছিলেন। নিহতদের মধ্যে ১১০ জন নারী, ৯৬ জন শিশু ও বৃদ্ধ, ৩৩ জন ছাত্র, ৩৬ জন কৃষক, ৩৬ জন ব্যবসায়ী, ২৪ জন চাকরিজীবী, ৫৪ জন দিনমজুর, ৩৩ জন রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। দুর্ঘটনায় ৪০২টি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারান এবং ১২৮টি পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দুর্দশায় পড়ে। দুর্ঘটনার পর অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিহত ও নিখোঁজদের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দিলেও তা দীর্ঘমেয়াদে তাদের দুর্ভোগ লাঘব করতে পারেনি। পরবর্তীতে কর্তৃপক্ষের অবহেলা, দায়িত্বে গাফিলতি এবং প্রচলিত আইনের ব্যত্যয়ের অভিযোগ তুলে ২০০৪ সালে মানবাধিকার সংস্থা ব্লাস্ট ক্ষতিগ্রস্ত ১২১ জনের পক্ষে ঢাকার তৃতীয় জেলা জজ আদালতে মামলা দায়ের করে। মামলায় সরকারি সংশ্লিষ্ট দপ্তর, লঞ্চ মালিক, সারেং ও সমিতিসহ মোট ২১ জন/প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি নিম্ন আদালত ক্ষতিগ্রস্তদের ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। রায়ে নিহত ও নিখোঁজ প্রত্যেক পরিবারের জন্য ১০ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে করা রিভিশন আবেদন ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট খারিজ করে দেন। এর ফলে নিম্ন আদালতের রায় বহাল থাকে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে আইনগত বাধা দূর হয়। বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী রায় হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও নাসরিন-১ ট্র্যাজেডির ক্ষত আজও শুকায়নি। স্বজনহারাদের চোখের জল, অপেক্ষা আর বেদনা যেন প্রতি বছর ৮ জুলাই নতুন করে স্মরণ করিয়ে দেয় দেশের অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনার সেই কালো অধ্যায়ের কথা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক জানান, নিরাপদ নৌ চলাচলের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। দূর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
