টানা বর্ষণে পানিবন্দী ভোলার হাজারো মানুষ, তলিয়েছে সড়ক ও ফসলের মাঠ
ভোলায় নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, তদন্তে পুলিশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক নারী ও এক পুরুষকে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের দাবি তুলে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে অপদস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আবাসনের বাসিন্দা নুরে আলম ও তাসলিমা বেগমকে কয়েকজন স্থানীয় যুবক ‘আপত্তিকর অবস্থায়’ আটক করার দাবি করেন। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে জনসমক্ষে হেনস্তা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ করবেন না—এ মর্মে তওবা করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। কোনো ধরনের অপরাধ না করলেও জনসমক্ষে জুতার মালা পরিয়ে তাদের সম্মানহানি করা হয়েছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোই উচিত ছিল। জনসমক্ষে কাউকে অপদস্ত করা, জুতার মালা পরানো বা শাস্তি দেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল।
তাদের ভাষ্য, কোনো ব্যক্তি অপরাধ করেছেন কি না, তা নির্ধারণ এবং বিচার করার দায়িত্ব আদালতের। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি দেখেছেন। ভিডিওটি দেখার পর পুলিশ ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
