চরফ্যাশনে পুকুর নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত-৩

চরফ্যাশন সংবাদদাতা :
ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়া এবং জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। তাঁদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইব্রাহিম খলিল মুন্সির অভিযোগ, বাড়ির পাশের একটি পুকুর ও জমি দীর্ঘদিন ধরে তাঁদের ভোগদখলে রয়েছে এবং সেখানে তাঁরা মাছ চাষ করে আসছেন। শনিবার সকালে স্থানীয় কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, নাসির, রুবেল, হারুনসহ আরও কয়েকজন ওই পুকুরে মাছ ছাড়তে যান। এতে বাধা দিলে প্রতিপক্ষ দা, সেঁনি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
ইব্রাহিম খলিলের দাবি, হামলায় তিনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও ভাবী আহত হন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে। পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মেম্বার। তাঁর ভাষ্য, জমিটির মালিকানার বৈধ কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। হামলার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জমির মালিকানা ও হামলার অভিযোগের বিষয়ে উভয় পক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
