সর্বশেষঃ

পরীক্ষা দিতে বেরিয়েছিল লিয়া, সড়কেই থেমে গেল জীবনের শেষ অধ্যায়

ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দায়ী চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন এবং সেদিন সকালে পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হন লিয়া। চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক পালিয়ে যায়।

লিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়। পরে সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু বলেন, লিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তির দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত টমটমচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।