ভোলা-বরিশাল সেতু ও ৬ লেন মহাসড়কসহ ৪ দাবিতে উত্তাল দক্ষিণাঞ্চল: সংসদে ক্ষোভের ঝড়
বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই’র মৃ-ত্যু : ছোট ভাই হাসপাতালে

স্টাফ রিপোর্টার :
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আহত মোশাররফ হোসেন বিদেশফেরত; সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।
স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটছিলেন দুই ভাই। এ সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক কেবলের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।
