পান্তা ভাতেই চলে জীবন, দুই নাতিকে নিয়ে বাঁচার আকুতি রিজিয়া বিবির
ভোলার বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার, ৩ বাল্কহেড জব্দ; ১৫ জনের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার, তিনটি বাল্কহেড জব্দ এবং ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।
পরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— স্বপন (৪৮), জাহাঙ্গীর আলম (২২), মেহেদী হাসান (২৪), আল-আমিন (২৬), রাসেল (৩২), আব্দুল বাসেদ (৫০), সুমন (২০), নোমান (১৯), জসিম হাওলাদার (৪০), কবির হোসেন (৩৫), মফিজুল (৫৫), ইসমাইল (৩৫), রিয়াদ (২০), আলমগীর (৪০) ও রাসেল (২৫)।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ও বসতভিটার ব্যাপক ক্ষতি হয়। এসব অবৈধ কার্যক্রম বন্ধে এবং বালুখেকোদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
