সর্বশেষঃ

সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে বাধা, ভাইবোনদের সংঘর্ষে উত্তাল চরফ্যাশন

ভোলার চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন তারই সন্তানরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ও নজিরবিহীন ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জলিল পণ্ডিতের মরদেহ প্রথমে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হলে তার কয়েকজন সন্তান বাধা দেন। পরে পরিবারের সদস্যরা নিজ বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও মৃতের চতুর্থ স্ত্রী ও কয়েকজন সন্তান আপত্তি জানান। এ সময় লাশ উঠানে রেখে ভাইবোনদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে নিজ বাড়ির উঠানে সংক্ষিপ্ত জানাজা শেষে দ্রুত মরদেহ দাফন করা হয়।

জানা গেছে, জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাতজন সন্তান জীবিত রয়েছেন। সন্তানদের অভিযোগ, মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে যান। এ সম্পত্তিগত বিরোধ থেকেই দাফন নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন, ভাইবোনদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জীবিত অবস্থায় তাদের বাবা বিষয়টির সমাধান করতে পারেননি। মৃত্যুর পর সেই বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।

শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তারা চার মায়ের সন্তান। সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে দাফনে বাধা দেওয়া হয়েছিল। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং মরদেহ দাফন সম্পন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।