পার্থকে নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ সমাবেশ
ভোলার বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

চার বছরের অপেক্ষার পর আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো ভোলার বোরহানউদ্দিন উপজেলাতেও দেখা দিয়েছে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শত শত সমর্থক অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, জার্সি ও দলটির তারকা ফুটবলার লিওনেল মেসির ছবি বহন করেন। মোটরসাইকেল, প্রাইভেটকার ও পায়ে হেঁটে অংশ নেওয়া সমর্থকদের উপস্থিতিতে উপজেলার প্রধান প্রধান সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সমর্থকদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমর্থকেরা প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। অনেকেই আর্জেন্টিনার পতাকার আদলে নিজেদের যানবাহন ও পোশাক সাজিয়ে অংশ নেন, যা পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।
শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, ফুটবল তাদের আবেগের জায়গা। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য এবং দলটির প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই এ আয়োজন করা হয়েছে। তারা বিশ্বকাপে নিজেদের প্রিয় দলের ভালো ফলের প্রত্যাশাও ব্যক্ত করেন।
এদিকে, শোভাযাত্রা শুরুর আগে সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় নিহত ফুটবল সমর্থক মো. ইসমাইলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার ব্রাজিল সমর্থকদের একটি শোভাযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
বিশ্বকাপকে ঘিরে বোরহানউদ্দিনে ফুটবলপ্রেমীদের এমন আয়োজন স্থানীয়দের মাঝেও উৎসবের আবহ তৈরি করেছে।
