সর্বশেষঃ

ভোলায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা। বুধবার (১০ জুন) ভোলা শহরের জিজেইউএস সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার ৩০ জন যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অংশগ্রহণ করেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আভাসের ‘স্বাধীনতা’ প্রকল্পের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন তারা। আয়োজকরা অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল অধিকার (ডিজিটাল রাইটস) এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাইয়ের কৌশল এবং নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে করণীয় সম্পর্কেও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এর পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। তবে এ স্বাধীনতার চর্চা হতে হবে দায়িত্বশীল ও সচেতনভাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন আভাসের ‘স্বাধীনতা’ প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস। কর্মশালা পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী সদস্য শাহিদ হোসেন ও শাহাজাদী তনু। আয়োজকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।