সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মাইনুদ্দিন হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোট পাতা এলাকায় সংঘটিত আলোচিত নৃশংস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ জুন ঢাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৯ মে ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোট পাতা ১নং ওয়ার্ডে করিমউদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশে পুকুরঘাটে মোঃ মাইনুদ্দিন (৩৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ নেছার উল্লাহ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারে দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম শুরু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব-২-এর একটি টিমের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৮ জুন ২০২৬ বিকেলে ঢাকার মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ বেলাল হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।
একই দিনে বিকেলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম র‌্যাব-১১-এর একটি টিমের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ওবদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ তানজিল (২৪) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বেলাল হোসেন ও তানজিল বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোট পাতা ১নং ওয়ার্ডের ফয়জুল্লাহ’র ছেলে। পুলিশ আরো জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।