ভেলুমিয়ায় বাঁশ ঝাড়ের টনি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত-২

স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে বাঁশঝাড়ের টনি (ডাল-ঝোপ) কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিক মৃধা গংদের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে সামান্য বাঁশঝাড়ের টনি কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জেসনা (৩৫) ও রিয়াজ (৪০) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত জেসনাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিয়াজ দাবি করেন, প্রায় ৭-৮ মাস ধরে আমার মামা রফিক মৃধার পরিবারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। তার ভাষ্য অনুযায়ী, বাঁশঝাড়ের কিছু অংশ তার বাড়ির সীমানার ভেতরে চলে আসায় তিনি সেগুলো কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় রফিক মৃধা গংরা তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আহত জেসনার অভিযোগ, কয়েকজন মিলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তাকে চুলের মুঠি ধরে লাথি, কিল ও ঘুষি মারা হয় বলেও দাবি করেন তিনি। এছাড়া তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের বালা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।