সর্বশেষঃ

জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ভোলায় নারীসহ আহত-৪

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহে আলম হাওলাদার গংয়ের ওপর আজিজুল হক গং হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, হামলার সময় আজিজুল হক, নিরব মোল্লা, শাহাবুদ্দিন ও নিরব রাড়ীসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠি ও সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের আঘাতে জাকির হোসেন, ইউছুফ, সুফিয়া বেগম ও আল-আমিন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত আল-আমিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।