বোরহানউদ্দিনে ৪টি গাঁজা গাছসহ সহোদর আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী বিশেষ অভিযানে এবার চারটি রোপিত গাঁজা গাছসহ ২ সহোদর ভাইকে আটক করেছে থানা-পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত ১ টার দিকে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে দুই সহোদর ভাইকে আটক করে। আটককৃতরা হলেন, মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের মুত আবুল কালামের ছেলে। বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন অবৈধ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
