ভোলায় জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : 
ভোলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-জুন ২০২৬ সময়কালের প্রচার কার্যক্রমের আওতায় বুধবার (১১ মার্চ) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন বেপারি বাড়িতে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নাজমা বেগম এবং শিক্ষক মো. নুরুদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি ও নারীদের জন্য গাড়ি সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন এবং এসব সুবিধা গ্রহণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি বিষয়ক সদর দপ্তর থেকে প্রাপ্ত টিভিসি প্রদর্শন করা হয়। পরে উপস্থিত দর্শকদের মধ্য থেকেও অনেকে আলোচনায় অংশ নেন। চলচ্চিত্র প্রদর্শনীতে স্থানীয় নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।