ধানের শীষ বিজয় হওয়ায় বোরহানউদ্দিনে গরু জবাই দিয়ে গণভোজ

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ধানের শীষ প্রতীকের জয় হলে ২টি গরু কোরবানি দিয়ে সাধারণ মানুষকে খাওয়াবেন বলে মানত করেছিলেন এক সমর্থক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিজয় উপলক্ষে সেই মানত পূরণ করেছেন ওই সমর্থক। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও গণভোজের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দা বিএনপি সমর্থক রিয়াজুল ইসলাম রিয়াজ বেপারী পূর্ব ঘোষণা অনুযায়ী তার নিজ বাড়িতে ২টি গরু কোরবানি করে প্রায় ২ হাজার ৫ শত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
আয়োজক জানান, প্রতিশ্রুতি অনুযায়ী এই আয়োজনের মাধ্যমে তিনি কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগি করতে চেয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুপুর থেকে শুরু হওয়া এ আয়োজনে গ্রামবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা ও এলাকার উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী। এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই এমন সামাজিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
