ভোলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প : দৃষ্টিশক্তি ফিরে পেল ৮৫ জন ছানি রোগী

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার কাচিয়া এবং বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে শতাধিক মানুষের চোখে ফিরে এসেছে আলো। দীর্ঘদিন ধরে ঝাপসা চোখে জীবনযাপন করা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলো আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারছিল না। তাদের চোখের আড়ালে ছিল এক ধরনের অদৃশ্য অন্ধকার-যেখানে প্রতিদিনের কাজ, সংসার, পড়াশোনা ও পথচলা সবকিছুই বাধাগ্রস্ত ছিল। সেই বাধা ভাঙতে এগিয়ে এসেছে পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত ‘কম্প্রেহেন্সিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট’। গ্রামীন জন উন্নয়ন সংস্থা জিজিইউএস ও নিজাম হাসিনা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।


ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ১ দিনব্যাপী ক্যাম্পে ১৭৮ জন রোগী সেবা পেয়েছেন এবং ৩৮ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানান, ছানি রোগ সাধারণত চিকিৎসাযোগ্য, কিন্তু খরচ ও দূরত্বের কারণে অনেকেই চিকিৎসা করাতে পারেন না। ক্যাম্পে সেবা পাওয়া রোগী ও তাদের স্বজনরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন, কারণ চোখের আলো ফিরে পেলে তাদের সংসার ও কর্মজীবন স্বাভাবিক হবে এবং তারা আবার স্বনির্ভর হতে পারবে।

বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে আয়োজিত ক্যাম্পে ১০৪ জন রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পেয়েছেন, যেখানে পরীক্ষায় ৪৭ জনের চোখে ছানি রোগ ধরা পড়ে। তাদের জন্য শুধু পরীক্ষা নয়, অপারেশন ও পরবর্তী চিকিৎসা-ফলোআপও নিশ্চিত করা হয়েছে।


সাচড়া সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, অনেক মানুষ চোখের সমস্যার কথা জানতেও পারেনি, জানলেও চিকিৎসার খরচ বহন করতে পারত না। তাই এই ক্যাম্প তাদের জীবনযাত্রার মান ফিরিয়ে দিতে সহায়তা করেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।