ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
(বাতিল হওয়া প্রার্থী মোঃ মহিবুল্লাহ এবং তাসলিমা বেগম)

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করা ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় সমর্থকদের সাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কর্তৃপক্ষ। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুল্লাহ এবং তাসলিমা বেগম। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্রে সমর্থক ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত অসংগতি পাওয়া গেলে বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রে নির্ধারিত সংখ্যক ভোটারের সঠিক স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। যাচাই প্রক্রিয়ায় ওই দুই প্রার্থীর মনোনয়নপত্রে দেওয়া সমর্থকদের স্বাক্ষর ভোটার তালিকার সঙ্গে মিলেনি কিংবা অসম্পূর্ণ ছিল, যা নির্বাচন বিধিমালার পরিপন্থী। এদিকে, দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোলা-২ আসনে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
