সর্বশেষঃ

দৌলতখান-বোরহানউদ্দিনে জামায়াতের নেতা-কর্মী বিএনপিতে যোগদানের খবর মিথ্যা

দাবী উপজেলা জামায়াত নেতৃবৃন্দের

ভোলার বাণী রিপোর্ট ॥ দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানিয়েছে তাদের কোন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত খবরকে “মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত” বলে দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মো: মাকসুদুর রহমান ও সেক্রেটারী মো: আবুল কালাম এবং বুধবার (১২ নভেম্বর) রাতে দৌলতখান উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদার ও সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক পৃথক পৃথক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তারা।
বোরহানউদ্দিন জামায়াত নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইনে ‘জামায়াতের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগদানের যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। ওই সংবাদে যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তারা বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোনো পর্যায়েরই সদস্য নন। সংবাদে ‘জয়েন্ট সেক্রেটারি’ পদবিধারী ব্যক্তির কথা বলা হলেও উপজেলা জামায়াতে ইসলামীতে এমন কোনো পদ বর্তমানেও নেই এবং অতীতেও ছিল না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টুপি ও দাড়ি ওয়ালা কিছু ব্যক্তিকে জামায়াতের কর্মী বানিয়ে প্রচার করাটা বিশেষ মহলের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার। এটি জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নীতিনিষ্ঠ ইসলামী রাজনৈতিক সংগঠন। যেখানে কুরআন ও সুন্নাহর নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে সদস্য ও কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়।


অন্যদিকে দৌলতখান জামায়াত নেতৃবৃন্দ জানান, সম্প্রতি কিছু ব্যক্তি ও সংবাদকর্মীর মাধ্যমে প্রচার করা হয়েছে যে, জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ খবর সম্পূর্ণ সাজানো নাটক। একটি মহল জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই অসত্য তথ্য প্রচার করছে, যা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ইসলামী সংগঠন। আমাদের নেতা-কর্মীরা ইসলামের নির্দেশনা মেনে সত্য ও ন্যায়ের পথে অবিচল। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গঠনের মহান লক্ষ্য অর্জনে তারা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতেও সেই আদর্শে অটল থাকবে-ইনশাআল্লাহ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।