সর্বশেষঃ

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতা-কর্মী বিএনপিতে যোগদানের খবর ভিত্তিহীন

সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার ॥ “ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান” করেছেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। রোববার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন ও সেক্রেটারী মাওলানা হারুনুর রশীদ জানান, প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নেতৃবৃন্দ জানান, প্রকৃত ঘটনা হলো-২০২৪ সালের ৫ জুলাই জামায়াতের চরফ্যাশন উপজেলার নেতা মো: ওমর ফারুককে সংগঠনের ফান্ডে অর্থ কেলেঙ্কারি, উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের চিঠিও প্রকাশ করা হয়েছে। তারা আরও বলেন, বহিষ্কৃত ওমর ফারুকসহ তার সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বর্তমানে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। অথচ বিভ্রান্তিকরভাবে এই বহিষ্কৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের মিথ্যা খবর প্রচার করা হয়েছে। যা “হলুদ সাংবাদিকতার” শামিল।


বিবৃতিতে জেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন ও সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশীদ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও অনুরোধ জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।